শর্তাবলী
কে কী করবে আর কে কী পাবে — কাজ শুরুর আগে দুই পক্ষেরই জেনে নেওয়া দরকার। আইনি ভাষা এড়িয়ে সহজ বাংলায় লিখলাম।
সর্বশেষ হালনাগাদ: ১২ সেপ্টেম্বর, ২০২৬
এক নজরে: দাম আগে থেকেই ঠিক, পছন্দ না হওয়া পর্যন্ত রিভিশন, আর কাজ শেষে সাইটের পূর্ণ মালিকানা আপনার। আমাদের কাজ ডিজাইন ও ডেভেলপমেন্ট — লেখা আর ছবি আপনার কাছ থেকে আসে।
এই শর্তগুলো কখন প্রযোজ্য
আপনি ব্রিফ ফর্ম পূরণ করলে বা আমাদের কোটেশন গ্রহণ করে কাজ শুরু করালে ধরে নেওয়া হবে আপনি এই শর্তগুলো পড়েছেন ও মেনে নিয়েছেন। কোনো প্রজেক্টে আলাদা লিখিত চুক্তি হলে সেটাই আগে প্রাধান্য পাবে।
আমরা কী করি
- আপনার ব্যবসা বুঝে ওয়েবসাইটের ডিজাইন ও ডেভেলপমেন্ট
- মোবাইল, ট্যাবলেট ও ডেস্কটপ — সব মাপে কাজ করার ব্যবস্থা
- ডোমেইন ও হোস্টিং সেটআপ এবং সাইট লাইভ করা
- গুগলে সাবমিট করা ও প্রাথমিক SEO সেটআপ
- সাইট নিজে এডিট করার প্রশিক্ষণ ও হস্তান্তর
যা অন্তর্ভুক্ত নয়
আলাদা করে কথা না হলে নিচের কাজগুলো কোটেশনের বাইরে — এগুলো চাইলে আলাদা মূল্য নির্ধারণ হবে:
- লেখা তৈরি করা (কপিরাইটিং) বা অনুবাদ
- লোগো ও ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন
- ফটোগ্রাফি বা ভিডিও তৈরি
- নিয়মিত কনটেন্ট আপডেট বা মাসিক রক্ষণাবেক্ষণ
- ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন বা চলমান SEO সেবা
আপনার দায়িত্ব
কাজটা সময়মতো শেষ হওয়া অনেকখানি আপনার উপরও নির্ভর করে। আপনার কাছ থেকে যা দরকার:
- সাইটে যে লেখা ও ছবি যাবে, সেগুলো সময়মতো দেওয়া
- ডিজাইন দেখে ৫ কর্মদিবসের মধ্যে মতামত বা অনুমোদন
- দরকারি অ্যাকাউন্টে (ডোমেইন, হোস্টিং, ফেসবুক পেজ) প্রবেশের সুযোগ
- নির্ধারিত সময়ে পেমেন্ট
আপনার দেওয়া লেখা, ছবি বা লোগো ব্যবহারের অধিকার আপনার আছে — এটা ধরে নিয়েই আমরা কাজ করি। অন্যের কপিরাইট করা উপাদান দিলে তার দায় আমাদের নয়।
সময়সীমা
সাধারণ বিজনেস সাইট আমরা ৭ কর্মদিবসে লাইভ করি। ই-কমার্স বা বুকিং সিস্টেমের মতো বড় কাজে বেশি সময় লাগে — কোটেশনেই সেটা লিখে দেওয়া হয়।
আপনার কাছ থেকে লেখা, ছবি বা অনুমোদন পেতে দেরি হলে সময়সীমা সেই অনুপাতে বাড়বে। সেটা স্বাভাবিক, তবে আগে থেকে জানিয়ে দেওয়া ভালো।
রিভিশন
ডিজাইন পছন্দ না হওয়া পর্যন্ত আমরা বদলাতে থাকি — রিভিশনের কোনো সংখ্যা বেঁধে দেওয়া নেই, আলাদা চার্জও নেই।
তবে রিভিশন আর নতুন কাজ এক জিনিস নয়। অনুমোদিত ডিজাইনের রং, লেখা বা বিন্যাস বদলানো রিভিশন। কিন্তু নতুন পেজ যোগ করা, ভিন্ন ধরনের ফিচার চাওয়া বা পুরো ধারণা পাল্টে ফেলা — এগুলো নতুন কাজ, এর জন্য আলাদা কোটেশন লাগবে।
মূল্য ও পেমেন্ট
- কোটেশনে লেখা দাম চূড়ান্ত — কাজ করতে আমাদের বেশি সময় লাগলেও বিল বাড়বে না
- কাজ শুরুর সময় অর্ধেক, সাইট লাইভ হওয়ার পর বাকি অর্ধেক
- বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফার — যেটা আপনার সুবিধা
- ডোমেইন, হোস্টিং বা প্রিমিয়াম লাইসেন্সের খরচ আলাদা, আগেই জানিয়ে দেওয়া হয়
চূড়ান্ত পেমেন্ট না হওয়া পর্যন্ত সাইটের হস্তান্তর আটকে থাকতে পারে। বাতিল করলে কী হবে তা রিফান্ড পলিসিতে বিস্তারিত লেখা আছে।
মালিকানা ও হস্তান্তর
পূর্ণ পেমেন্টের পর সাইটের ডিজাইন, কোড আর কনটেন্ট — সবকিছুর মালিকানা আপনার। ডোমেইন ও হোস্টিং অ্যাকাউন্ট আপনার নিজের নামে খোলা হয়, তাই সেগুলোর নিয়ন্ত্রণও সবসময় আপনার হাতেই থাকে।
আমরা শুধু একটা জিনিস চাই — আপনার সাইটটি আমাদের পোর্টফোলিওতে দেখানোর অনুমতি। আপনি না চাইলে বলে দেবেন, দেখাব না।
সাপোর্ট
সাইট লাইভ হওয়ার পর প্রথম ৩ মাস ফ্রি সাপোর্ট — কিছু ভেঙে গেলে বা কাজ না করলে আমরাই ঠিক করে দিই। এরপরেও দরকার হলে মাসিক প্যাকেজ নেওয়া যায়।
তবে ফ্রি সাপোর্ট মানে নতুন ফিচার যোগ করা নয়। আর আপনি বা অন্য কেউ সাইটে বদল এনে কিছু ভেঙে ফেললে সেটা ঠিক করাও এর মধ্যে পড়ে না।
দায়সীমা
আমরা যত্ন নিয়ে কাজ করি, কিন্তু কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে — হোস্টিং সার্ভার বন্ধ হয়ে যাওয়া, থার্ড-পার্টি সেবা বদলে যাওয়া, গুগলের নিয়ম পরিবর্তন, বা ইন্টারনেট বিভ্রাট। এসব কারণে ক্ষতি হলে আমাদের দায় সর্বোচ্চ ওই প্রজেক্টে আপনার দেওয়া টাকার পরিমাণ পর্যন্ত সীমিত।
ওয়েবসাইট বানানোর পর কত বিক্রি হবে বা কতজন ভিজিটর আসবে — এ ধরনের কোনো নিশ্চয়তা আমরা দিই না, কারণ সেটা দেওয়া সম্ভব নয়।
শর্ত বদলালে
এই শর্তাবলী সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। চলমান প্রজেক্টের ক্ষেত্রে কাজ শুরুর সময় যে শর্ত ছিল সেটাই প্রযোজ্য থাকবে।
যোগাযোগ
কোনো শর্ত নিয়ে প্রশ্ন থাকলে কাজ শুরুর আগেই জিজ্ঞেস করুন — hello@geniussoft.bd অথবা হোয়াটসঅ্যাপে +88 01711-789284।